পাবনার সদর উপজেলার দোগাছী বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ রাখার দায়ে রং বেরং স্টোর ও নাঈমা স্টোরকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুদ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম