পাবনার সাঁথিয়ায় নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে বিনামূল্যে ৩০টি মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১টায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে ছাগল তুলে দেওয়া হয়।
সংস্থার চেয়ারম্যান আকলিমা খাতুনের সভাপতিত্বে এবং আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সাবেক সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. মনসুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নজমুল বারী নাহিদ, জামায়াতের পৌর আমির আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাগল পালনের মাধ্যমে নারীরা নিজেদের আয় করার সুযোগ পাবেন। এর ফলে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীলতাও বৃদ্ধি পাবে।
আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগের আওতায় ৩০টি মা ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম