স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। উচ্চ আদালতের জামিন আদেশের ওপর স্থগিতাদেশ থাকায় তার কারামুক্তি আটকে গেছে।
গত ৭ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আলভীকে মুক্তি দেওয়া সম্ভব না হওয়ার কারণ জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি চিঠি ও ব্যাখ্যা পাঠানো হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয় থেকে চিঠিটি পাঠানো হয়। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে জামিনে মুক্তির ওপর স্থগিতাদেশ সংক্রান্ত একটি চিঠি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ফলে আলভীকে ওই মামলায় মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে গত ৩ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলভীর জামিন মঞ্জুর করেন। অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি।
প্রাথমিক শুনানি শেষে আদালত জামিনের বিষয়ে রুল জারি করেন। পরবর্তী শুনানিতে রুল যথাযথ ঘোষণা করে আলভীকে জামিন দেওয়া হয়। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
কারা কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের জামিন আদেশের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের উদ্যোগে স্থগিতাদেশ (স্টে অর্ডার) সংক্রান্ত একটি চিঠি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এ কারণে জামিনের আদেশ থাকা সত্ত্বেও আলভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা জাহের আলভী।
সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আলভীকে সাত দিনের রিমান্ডে নিতে ২১ জুন আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ২৪ জুন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম