দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়াতে ব্রাজিলে শুরু হয়েছে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলা। রপ্তানি বাজার সম্প্রসারণ ও নতুন ক্রেতা আকর্ষণের লক্ষ্যে এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।
বুধবার (১২ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইপিবির আর্থিক সহযোগিতায় এবং ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ব্রাজিলের সাও পাওলোর ডিস্ট্রিটো আনেম্বি প্রাঙ্গণে গত মঙ্গলবার (১১ আগস্ট) মেলার উদ্বোধন হয়।
মেলার প্রথম দিন সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, ব্রাজিলের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এ মেলায় বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট ও ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।
বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো মেলায় পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত সামগ্রী, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, গৃহসজ্জার সামগ্রী, বাঁশজাত পণ্য, টেরাকোটা ও মাটির তৈরি সামগ্রী এবং নকশিকাঁথাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।
এ ছাড়া পৃথক একটি বুথে ইপিবি ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের ব্রোশিওর, লিফলেট ও প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি খাতের প্রসার ও সম্ভাবনা তুলে ধরে বিভিন্ন তথ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে।
ইপিবি জানিয়েছে, মেলা শুরুর পর থেকেই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর বুথে ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দেশের ব্যবসায়ী ও ক্রেতারা বাংলাদেশি পণ্যের স্টল ঘুরে দেখছেন এবং পণ্যের গুণগত মানের প্রশংসা করছেন। এরই মধ্যে কয়েকটি ব্যবসায়িক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
আগ্রহী ক্রেতারা বাংলাদেশি পণ্য কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইপিবি। আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশি গৃহসজ্জা ও লাইফস্টাইল পণ্যের পরিচিতি আরও বাড়বে এবং নতুন রপ্তানি বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে।
মেলার পার্শ্ব আয়োজন হিসেবে বুধবার বাংলাদেশের ‘হোম ও লাইফস্টাইল পণ্য উৎপাদন ও রপ্তানি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিদেশি ক্রেতারা অংশ নেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম