মালয়েশিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১৫৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থামেন তিনি। ১০০ বলে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলেন এই ব্যাটার। তার সঙ্গে দারুণ জুটি গড়ে ৬২ বলে ৬১ রান করেন আহরার আমিন পিয়ান।
এ ছাড়া কালাম সিদ্দিকী অলিন ৩৪, শাহরিয়ার সাকিব ২১ এবং শেখ পারভেজ জীবন মাত্র ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মালয়েশিয়ার হয়ে আরিফ উল্লাহ নেন চার উইকেট।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪০ ওভারের আগেই ১৩৭ রানে অলআউট হয় তারা।
মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আহমেদ জুবাইদি জুলকিফলে। সাইফ উল্লাহ মালিক করেন ২১ রান। বাকিদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক শেখ পারভেজ জীবন। মাত্র ১৬ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তিনি। মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট। একটি উইকেট পান মাহফুজুর রাব্বি।
ফলে ১৫৩ রানের বিশাল জয় নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ আগস্ট।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম