দীর্ঘ ১২ বছর পর আবারও ইতালির রাজধানী রোমে গান পরিবেশন করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার ও নগরবাউল জেমস। প্রিয় শিল্পীর প্রত্যাবর্তন ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
কনসার্টকে সামনে রেখে বুধবার (১২ আগস্ট) রোমের একটি অভিজাত হোটেলে সাংবাদিক, স্পনসর ও বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে জেমস সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
দীর্ঘ বিরতির পর রোমে গান গাইতে আসার অনুভূতি প্রকাশ করে জেমস জানান, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থন তাকে সবসময় অনুপ্রাণিত করে। একই সঙ্গে সুশৃঙ্খলভাবে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জেমস। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে জেমসের রোমে প্রত্যাবর্তনকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগের অপেক্ষায় রয়েছেন রোমের সংগীতপ্রেমীরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম