প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে, তানজিন তিশার জামিনের পর মামলাটি বিচারিক আদালতে বদলি হওয়ার প্রক্রিয়া শুরু হবে। এর আগে গত ১২ জুলাই তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত। ওই সমনে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অভিযোগ রয়েছে, শাড়িটির প্রচারণা চালানোর পাশাপাশি মূল্য পরিশোধের আশ্বাস দিলেও পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় ওই অনলাইন ফ্যাশন পেজের পক্ষ থেকে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম