জয়পুরহাটের কালাইয়ে কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা আব্দুস সাত্তারকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে বগুড়া সদর থানার পৌর পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আব্দুস সাত্তার কালাই উপজেলার বহুতি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, কালাই উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল কিডনি কেনাবেচা চক্রটি। চক্রের সদস্যরা দরিদ্র ও ঋণগ্রস্ত মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রিতে প্ররোচিত করত। সাত্তারের বিরুদ্ধে কিডনি কেনাবেচার অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মন্টু মিয়াকে ১০ লাখ টাকার বিনিময়ে কিডনি বিক্রির প্রস্তাব দেওয়া হয়। পরে ২০২৬ সালের জানুয়ারির শুরুতে মাত্র ৫০ হাজার টাকা দিয়ে তাকে নেপালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কিডনি অপসারণ করা হয়।
অভিযোগ রয়েছে, দেশে ফিরে বাকি সাড়ে ৯ লাখ টাকা চাইলে চক্রের সদস্যরা টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন। এ ঘটনায় গত ১৩ জুন আদালতে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে কালাই থানায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আব্দুস সাত্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত ও সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম