বিয়ের আনন্দ আর ছুটি কাটিয়ে আবারও ফুটবলের ব্যস্ততায় ফিরতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর অতিরিক্ত ছুটি শেষে সৌদি ক্লাব আল-নাসরের অনুশীলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা।
তবে ছুটির কারণে নতুন মৌসুমের শুরুতেই দলের হয়ে মাঠে নামা হচ্ছে না রোনালদোর। সৌদি প্রো লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে আল-নাসর।
আগামী শনিবার আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের লিগ অভিযান শুরু করবে রিয়াদের ক্লাবটি। এর তিন দিন পর কিংস কাপের শেষ ৩২-এর ম্যাচে আল-দিরিয়াহর মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রিয়াদে।
সৌদি সংবাদমাধ্যম আররিয়াদিয়াহর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের দায়িত্ব শেষ করার পর রোনালদোকে বাড়তি ছুটি দেয় আল-নাসর। ফলে দলের প্রাক-মৌসুম অনুশীলন ও প্রস্তুতিতে অংশ নিতে পারেননি তিনি।
এই ছুটির সময়টাকেই জীবনের বিশেষ মুহূর্তে পরিণত করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো।
এখন ছুটি শেষে অনুশীলনে ফেরার মধ্য দিয়ে আবারও ফুটবলের মাঠের ব্যস্ততায় ফিরবেন সিআর সেভেন। নতুন মৌসুমে আল-নাসরের সাফল্যে তার ভূমিকার দিকেই তাকিয়ে থাকবেন ভক্তরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম