প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো রাজকীয় প্রাসাদের ক্ষুদ্র সংস্করণ কিংবা জাদুঘরের দৃষ্টিনন্দন কোনো শিল্পকর্ম। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি—এটি একটি বিয়ের কেক। ওজন প্রায় ৫০০ কেজি, উচ্চতা সাড়ে ৩ মিটার। আর এই বিশাল কেকটি তৈরি করেছেন খ্যাতনামা স্প্যানিশ পেস্ট্রি শেফ মার্ক সোয়ারেজ।
সৌদি আরবের একটি অভিজাত পরিবারের রাজকীয় বিয়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কেকটি। চিনি ও সাদা চকলেট দিয়ে তৈরি এই বিশাল কাঠামো বানাতে শেফ সোয়ারেজের সময় লেগেছে প্রায় চার মাস।
কেক তৈরির আগে প্রায় দেড় মাস ধরে এর নকশা ও কাঠামা চূড়ান্ত করেন তিনি। এরপর প্রায় ১ হাজার ৮০০ ঘণ্টার পরিশ্রমে ধীরে ধীরে বাস্তবে রূপ নেয় তার পরিকল্পনা।
ফ্রান্সের ঐতিহাসিক ‘প্যারিস অপেরা গার্নিয়ারে’ আয়োজিত এক জমকালো বিয়ের অনুষ্ঠানে কেকটি প্রদর্শন করা হয়। তবে বর-কনে নিজেদের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন।
শেফ সোয়ারেজ জানান, নবদম্পতি এমন একটি কেক চেয়েছিলেন, যা সাধারণ বিয়ের কেকের মতো হবে না। বরং এটি দেখতে হবে রাজকীয় কোনো স্থাপনা বা স্মৃতিসৌধের মতো—যা বিয়ের আভিজাত্য এবং অপেরা গার্নিয়ারের পরিবেশের সঙ্গে মানানসই।
কেকটির উচ্চতা ৩ দশমিক ৫ মিটার বা প্রায় সাড়ে ১১ ফুট এবং প্রস্থ ১ দশমিক ৮ মিটার। এতে সুগার পেস্ট দিয়ে হাতে তৈরি প্রায় ৩৩ হাজার সূক্ষ্ম ফুলের পাপড়ি বসানো হয়েছে।
তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, ৫০০ কেজি ওজনের পুরো কাঠামোর মাত্র ০.১ শতাংশ খাওয়ার উপযোগী আসল কেক। বাকি অংশ তৈরি করা হয়েছে সুগার পেস্ট ও হোয়াইট চকলেট দিয়ে।
সাধারণত একাই কাজ করেন মার্ক সোয়ারেজ। কিন্তু এত বড় ও জটিল এই কেক তৈরির জন্য এবার তাকে পেস্ট্রি শেফ বন্ধু, পরিবার ও পরিচিতদের সহযোগিতা নিতে হয়েছে।
শেফের ভাষায়, এত বড় অর্ডার সামলাতে তার নিজের টিমের পাশাপাশি আরও অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন হয়েছিল। আর সেই সম্মিলিত প্রচেষ্টাতেই তৈরি হয়েছে এই নজরকাড়া ‘রাজকীয় কেক’।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম