মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় টানা দুইবার অকৃতকার্য হয়ে রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রামিদুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বাবা মিন্টু মিয়া পেশায় ইমারত নির্মাণ শ্রমিক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, এসএসসি পরীক্ষায় পরপর দুইবার ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় রামিদুজ্জামানকে পরিবারের পক্ষ থেকে বকাঝকা করা হয়। এরপর পরিবারের ওপর অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে স্বজনদের দাবি।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম