নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহিরুল ইসলামের বড় বোন শাহনাজ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জহিরুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা মীমাংসা হয়নি।
বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেট ও হাতে আঘাত করেন। পরে তার গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় জহিরুল চিৎকার করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় জহিরুল বাড়ি থেকে বের হয়ে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম