পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে আরও পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পাবনা সদর উপজেলার চর সদিরাজপুরের (পুরাতন পাড়া) এলাকায় অভিযান চালায় ডিএনসির সদর সার্কেল টিম। এ সময় নিজ শয়নকক্ষ থেকে মো. রব্বেল ফারাজী (৩৩)কে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক সোহান বাদী হয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অন্যদিকে পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার পাকশী, রূপপুর ও আওতাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেওয়া হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক পাঁচজন হলেন—পাবনা সদরের চর সদিরাজপুরের মো. শিপন (৪০), কৃষ্টপুরের মো. হাফিজুর রহমান (৩২), ঈশ্বরদীর যুক্তিতলার মো. নাজমুস শাহাদত (৪১), নাটোরের বড়াইগ্রামের কাচুটিয়ার মো. রাশেদুল ইসলাম (২০) এবং ঈশ্বরদীর বাশেরবাদার মো. শ্যামল ইসলাম (২৫)।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কমj