সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্ত এলাকা থেকে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক দুই নারী হলেন—কিশোরগঞ্জের ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার থানার রাকিব প্রফেসরের বাসার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।
পরে উদ্ধার করা মাদকসহ আটক দুই নারীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম