বগুড়ার শেরপুরে ‘পাখি কলোনি’ হিসেবে পরিচিত রামনগর গ্রামে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার মামলায় আজাহার আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামনগর গ্রামে আজাহার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেয়াল টপকে পাশের জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আজাহার। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ শনিবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামনগর গ্রামে আজাহার আলী তার ব্যক্তিগত জমিতে থাকা সাতটি জলপাই ও পীতরাজগাছ কেটে ফেলেন। এসব গাছে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছিল।
গাছ কাটার সময় একের পর এক পাখির বাসা মাটিতে পড়ে যায়। এতে বাসার থাকা ডিম ও ছানা নষ্ট হয়। এ ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জের কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে মঙ্গলবার রাতে শেরপুর থানায় মামলা করেন। মামলায় আজাহার আলীকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মামলা দায়েরের পর তদন্ত করে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় বলেন, রামনগর গ্রামের বিভিন্ন গাছে প্রতিবছর পরিযায়ী শামুকখোলসহ নানা প্রজাতির পাখি এসে বাসা বাঁধে। এ কারণে এলাকাটি স্থানীয়ভাবে ‘পাখি কলোনি’ নামে পরিচিত।
তিনি জানান, গত ৮ আগস্ট গাছ কাটার সময় পাখির অসংখ্য বাসা মাটিতে পড়ে যায়। এতে অনেক ডিম নষ্ট হওয়ার পাশাপাশি বেশ কিছু ছানা মারা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম