নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ কুঞ্জবন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মাসুদুর রহমান ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, মাসুদুর রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলেই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম