পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও রামপুরহাটের দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের (৭৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমে তার বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে। এক পৃষ্ঠার ওই চিরকুটে আশিস বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। পাশাপাশি রাজনীতিতে আসাকে জীবনের বড় ভুল হিসেবে উল্লেখ করে পরিবারের তরুণ সদস্যদের ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
চিরকুটে তিনি আরও দাবি করেন, জীবনে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন না এবং কোনো কাজের বিনিময়ে কারও কাছ থেকে অর্থ নেননি। তবে তৃণমূলের অভ্যন্তরে ঘটে যাওয়া বিভিন্ন ‘অন্যায়’ বা ভুল কর্মকাণ্ড মেনে নিতে না পারলেও সেসবের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হতে না পারার জন্য অনুশোচনা প্রকাশ করেন।
তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষের (টিআরডিএ) কর্মকাণ্ড নিয়েও চিরকুটে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। সেখানে তিনি দাবি করেন, সাধারণ সভায় অংশ নেওয়া ছাড়া কোনো টেন্ডার কমিটি, চেক স্বাক্ষর, নকশা অনুমোদন কিংবা অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা বা ভূমিকা ছিল না।
এ ছাড়া তাকে অপমানিত ও কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। চিরকুটে এর তীব্র নিন্দা জানিয়ে পরিবারের তরুণ সদস্যদের রাজনৈতিক জটিলতা এড়িয়ে নিজেদের পেশাগত জীবনে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম