চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার। যাত্রীদের আসনের পেছনে সিলিন্ডার বেঁধে ঝুঁকি নিয়ে চলছে এসব অটোরিকশা। এতে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে বাড়ছে যাত্রীদের ভাড়াও।
সরেজমিনে দেখা গেছে, হাটহাজারীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। এতে গাড়ি চালানো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ বাধ্য হয়ে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অটোরিকশায় জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
পৌরসভার বাসিন্দা মো. জামাল উদ্দিন বলেন, ‘গাড়ির ভেতরে এভাবে গ্যাসের সিলিন্ডার রাখা খুবই ভয়ংকর। কিন্তু বাধ্য হয়েই আমাদের এভাবে যাতায়াত করতে হচ্ছে।’
তিনি জানান, আগে একই পথে ভাড়া ছিল ৩০ টাকা। বর্তমানে সেই ভাড়া বেড়ে ৫০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ ঝুঁকি নিয়ে চলাচলের পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।
অটোরিকশাচালক দিদার ইসলাম বলেন, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট না থাকলে তারা কখনোই ঝুঁকি নিয়ে এলপিজি ব্যবহার করতেন না।
তার ভাষ্য, ‘গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় সারাদিন অপেক্ষা করেও গ্যাস পাওয়া যায় না। গাড়ি না চালালে পরিবারের খরচ চলবে কীভাবে? এর মধ্যে আবার কিস্তিও আছে। তাই বাধ্য হয়ে বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করছি।’
তবে যাত্রীবাহী অটোরিকশায় এভাবে এলপিজি সিলিন্ডার বহনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, এলপি গ্যাস অত্যন্ত দাহ্য। সিলিন্ডারে ত্রুটি, অসতর্কতা কিংবা পরিবহনের সময় আগুনের সংস্পর্শে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যাত্রীবাহী অটোরিকশায় এভাবে সিলিন্ডার বহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে বিষয়টি নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের দায়িত্বে থাকা রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
গ্যাস সংকটের কারণে চালকদের এমন ঝুঁকিপূর্ণ বিকল্প ব্যবহারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত গ্যাস সংকটের সমাধানের পাশাপাশি মহাসড়কে এ ধরনের ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম