সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধনী র্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, নদী ও জলাশয় সংরক্ষণ এবং মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে উপজেলা এলাকার বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা।
অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল ও উদ্যমী মৎস্যচাষীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জলাশয় সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম