গাজীপুরের পূবাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে মেঘডুবি এলাকার ঢাকা বাইপাস সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেঘডুবি এলাকার মো. খোকন মিয়া (৪৪), মো. মোবারক হোসেন (৫৪) এবং কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের মো. মহসিন (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারিত ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা পাঁচটি লিফলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনগুলোতে ‘৪০নং ওয়ার্ড কোর আওয়ামী লীগ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় ছিল। ওই গ্রুপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালানো এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।
এ ঘটনায় পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম