ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উল্টে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া বাজার এলাকায় একটি স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া (১১)। সে জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামের মো. খোকনের মেয়ে এবং স্থানীয় সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ‘ঢাকা-শরীয়তপুর এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিক্ষার্থীদের ওপর উল্টে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সুমাইয়াকে আশঙ্কাজনক অবস্থায় স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে উত্তর আলামপুর গ্রামের মাইন উদ্দিন শিপন মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইসা (১১) গুরুতর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে নেওয়ার পথে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম