যোগফল প্রতিবেদন:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি আগামী ৩১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ আজকের মতো শুনানি মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর ৫ আগস্টের পর দেশে ফিরে তৎকালীন সরকারের কাছে আবেদন করেন আবুল কালাম আযাদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড কার্যকর এক বছরের জন্য স্থগিত করা হয়। সেই আদেশের ভিত্তিতেই তিনি আপিল বিভাগে তার দণ্ড ও সাজা চ্যালেঞ্জ করে আপিল করেছেন।
সম্প্রতি মৃত্যুদণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেন আযাদ। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছে।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী ৩০ দিনের পর আপিল করার সুযোগ নেই। তাই ১৩ বছর পর করা এই আপিল আইনগতভাবে সময়োত্তীর্ণ। তার পক্ষ থেকে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ‘কমপ্লিট জাস্টিস’ নীতির ভিত্তিতে আপিল করা হলেও সুনির্দিষ্ট আইনগত বিধান থাকায় ওই অনুচ্ছেদ প্রয়োগের সুযোগ নেই বলে রাষ্ট্রপক্ষের অবস্থান।
আবুল কালাম আযাদ ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পান। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে সাতটি অভিযোগ প্রমাণিত হয়। তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং চারটিতে কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের সময় থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন তিনি।
আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদনসহ আপিল করেন আযাদ। এতে আপিল করতে ৪ হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনার আবেদন করা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদনও করা হয়।
এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। সোমবার শুনানি শেষে তা আবারও পিছিয়ে ৩১ আগস্ট করা হলো।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেয়। ওই বিচারপ্রক্রিয়ার প্রথম রায়েই ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
তানজিলা । অনলাইন ডেস্ক । যোগফল . কম