যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামে রেললাইনে পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়গামী প্রথম শাটল ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে বটতলী স্টেশন ছাড়ে। পরে সেটি ষোলশহর স্টেশনে গিয়ে থেমে যায়। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া দ্বিতীয় ট্রেনটিও একই স্থানে আটকা পড়ে।
ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ষোলশহর স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন। তিনি বলেন, শাটল ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী সময়মতো ক্লাসে পৌঁছাতে পারেননি।
শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম