যোগফল প্রতিবেদক:
পাবনায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সময়ে পৃথক অভিযানে ছয় মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ডিএনসির ঈশ্বরদী টিম ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মো. জীবন মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সামাদ মন্ডলের ছেলে।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অন্যদিকে, পাবনা সদর উপজেলার গোপালপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় মাদকসেবীকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের পরে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। আগস্ট মাসে এখন পর্যন্ত মাদকসংক্রান্ত অপরাধে ৫৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম