যোগফল প্রতিবেদক:
একসময় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে অনেকেই দ্বিধায় থাকতেন। সামাজিকভাবেও অভিনয়কে খুব একটা সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। এখন অভিনয়কে পেশা হিসেবে নিয়েই অনেক শিল্পী হয়েছেন স্বাবলম্বী, গড়েছেন নিজের সম্পদ।
অভিনয় পেশায় নিজের আর্থিক সাফল্যের কথা জানিয়েছেন অভিনেতা আ খ ম হাসান। একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘দ্য আরজে কিবরিয়া শো’-তে অতিথি হয়ে নিজের ক্যারিয়ার ও অভিনয়জীবন নিয়ে কথা বলেন তিনি।
আ খ ম হাসানের ভাষ্য, বর্তমানে একজন জনপ্রিয় শিল্পী এক ঘণ্টার নাটকে এক থেকে দুই দিনের শুটিংয়ের জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতে পারেন। তবে শিল্পীর জনপ্রিয়তা ও নাটকের দর্শকসংখ্যার ওপর পারিশ্রমিকের পরিমাণ অনেকটাই নির্ভর করে।
নিজের আর্থিক সাফল্যের প্রসঙ্গে এই অভিনেতা বলেন, অভিনয় করেই তিনি ফ্ল্যাট, গাড়ি ও বাড়ি করেছেন। তার সমসাময়িক অনেক শিল্পীও অভিনয় পেশার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। কেউ সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াচ্ছেন, আবার কেউ নিজেদের জন্য গড়ে তুলেছেন সম্পদ।
অভিনয় পেশা নিয়ে আগের সামাজিক দৃষ্টিভঙ্গির কথাও স্মরণ করেন আ খ ম হাসান। তিনি বলেন, ‘আগে নানা-নানীরা বলত, যাত্রা-অভিনয় করে ফাতরারা। এখন আর সেই দিন নাই।’
তার মতে, সময়ের সঙ্গে নাটক, সিনেমা ও ওটিটিসহ অভিনয়ের ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। ফলে শিল্পীদের কাজের সুযোগও বেড়েছে। অভিনয় ক্যারিয়ারের ২৩ বছর পার করলেও এখনো ব্যস্ততা কমেনি, বরং দিন দিন কাজের পরিমাণ বাড়ছে বলে জানান তিনি।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে আ খ ম হাসান অভিনীত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে সন্তানকে বাঁচাতে নিজের কিডনি হারানো এক বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
‘লাইফলাইন’কে নিজের অভিনয় ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও দেখছেন এই অভিনেতা। তার ভাষায়, ‘এই কাজটি দিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরু হতেও পারে।’
আ খ ম হাসান জানান, দীর্ঘদিন ধরে পরিচালক ও প্রযোজকেরা তাকে মূলত পরিচিত ধরনের চরিত্রেই কাজের সুযোগ দিয়েছেন। ফলে নিজের পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ খুব বেশি পাননি তিনি। তবে ‘লাইফলাইন’-এর মাধ্যমে সেই জায়গায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন।
নতুন প্রজন্মের দর্শকদের ‘লাইফলাইন’ দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, এই জেনারেশনের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত।’
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম