যোগফল প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও জনবান্ধব, দক্ষ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, করদাতাদের মধ্যে রাজস্ব ব্যবস্থাপনার প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি করা গেলে কর আদায় অনেক সহজ হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, এনবিআরের কার্যক্রমের সাফল্যের ওপর সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল। তাই এনবিআরকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দীর্ঘ সময়ের শাসন-শোষণের প্রভাব দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এনবিআরের ওপরও পড়েছে। নীতি ও নিয়ম উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারও প্রতি বিরূপ আচরণ এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারেক রহমান বলেন, এখন এনবিআরকে ঘুরে দাঁড়াতে হবে। দেশের জনগণ বিশেষ করে করদাতারা এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে এই আস্থা অর্জনের দায়িত্ব এনবিআরকেই নিতে হবে।
বর্তমান সরকার এনবিআরসহ দেশের রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, কর প্রদান ব্যবস্থা সহজ, হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে হবে। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কর দিতে পারেন, এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন।
অনলাইনে কর পরিশোধের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করদাতাদের অনলাইনে কর দেওয়ার ব্যবস্থা করা গেলে তাদের অফিসে এসে সময় নষ্ট করতে হবে না। এনবিআর কর্মকর্তাদের আচরণ ও কার্যক্রমের মাধ্যমে করদাতাদের মনে আস্থা তৈরি করা গেলে রাজস্ব আদায়ও আরও সহজ হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে হবে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি উন্নত সরকারি সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে এনবিআরের দক্ষ ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, আন্তর্জাতিক করব্যবস্থা, আর্থিক অপরাধ, অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উপাত্ত বিশ্লেষণসহ আধুনিক অর্থনৈতিক বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা অর্জন করতে হবে। পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে এনবিআরকে আধুনিক হতে হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম