যোগফল প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরাভিত্তিক স্বয়ংক্রিয় ‘অটো ফাইন সিস্টেম’। এর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রান্তের কন্ট্রোল রুম থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশে যানবাহনের চলাচল ও গতি পর্যবেক্ষণে এক হাজারের বেশি অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এসব ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে।
আইন ভঙ্গের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ডিজিটাল মামলা ও জরিমানার তথ্য পাঠানো হবে। ফলে সড়কে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় পরীক্ষামূলকভাবে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, গজারিয়া এলাকার ১৩ কিলোমিটার মহাসড়কের নিরাপত্তা বাড়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
নতুন এই প্রযুক্তি চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন কমার পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম