যোগফল প্রতিবেদক:
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এ ঘটনায় তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন সিডনির ওয়েভারলি লোকাল কোর্ট। একই সঙ্গে গাড়ি চালানোর সময় তার গাড়িতে অ্যালকোহল ইন্টারলক ডিভাইস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতে বিচারক ক্লেয়ার ফারনান ওয়ার্নারকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।
ইস্টার সানডেতে একটি র্যান্ডম ব্রেথ-টেস্টিং চেকপয়েন্টের কাছে যাওয়ার সময় গাড়িতে থাকা এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেন ওয়ার্নার। পরে পুলিশ নিশ্চিত হয়, গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। পরীক্ষায় তার শরীরে অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল পাওয়া যায়।
আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমাদ তার মক্কেলকে দোষী সাব্যস্ত না করার আবেদন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি ব্যাপকভাবে প্রকাশিত হওয়ায় ওয়ার্নার ইতোমধ্যে নেতিবাচক প্রচারের মুখে পড়েছেন বলে যুক্তি দেন তিনি।
আইনজীবী আরও বলেন, ভারত ও বাংলাদেশের মতো দেশে মদ্যপানের বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে কঠোর। ফলে এসব দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়ার্নারের বাণিজ্যিক সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে আইনজীবীর এসব যুক্তি গ্রহণ করেননি বিচারক। বিচারক ক্লেয়ার ফারনান বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া জরুরি। গাড়িতে শিশুদের উপস্থিতি থাকায় ঘটনাটির গুরুত্ব আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আদালত জানায়, গত পাঁচ বছরে নিউ সাউথ ওয়েলসে ১৭ হাজার ৩০০-এর বেশি মানুষ মধ্যমাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় আদালতের মুখোমুখি হয়েছেন। ভবিষ্যতে ওয়ার্নার একই অপরাধ করবেন না—এমন সম্ভাবনা থাকলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এখনো সড়ক দুর্ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে সতর্ক করেন বিচারক।
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়কত্ব শেষে ইস্টারের ছুটিতে অস্ট্রেলিয়ায় ফেরার সময় গ্রেপ্তার হয়েছিলেন ওয়ার্নার। এ ঘটনার প্রভাব তার সিডনি থান্ডারের অধিনায়কত্বের ওপরও পড়তে পারে বলে আদালতে জানানো হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে নির্দিষ্ট ডিভাইস বসানোর পরই ওয়ার্নার পুনরায় গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালুর আগে অ্যালকোহল শনাক্ত হলে ডিভাইসটি ইঞ্জিন চালু হতে বাধা দেবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম