যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, অসুস্থতাজনিত কারণেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
তবে হঠাৎ তাঁর পদত্যাগের খবরে পিএসসি ও প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে—পদত্যাগের পেছনে আসল কারণ কি শুধু শারীরিক অসুস্থতা, নাকি এর সঙ্গে অন্য কোনো বিষয়ও রয়েছে?
কারণ, মাত্র কয়েক দিন আগেও পিএসসির বিভিন্ন কার্যক্রম নিয়ে সক্রিয় ছিলেন চেয়ারম্যান। গত ১২ আগস্ট এই প্রতিবেদকের সঙ্গে তাঁর নিজ কার্যালয়ে দীর্ঘ সাক্ষাৎকার হয়। ওই ভিডিও সাক্ষাৎকারে তিনি ৫০তম বিসিএসের সর্বশেষ অগ্রগতি, আগামী নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা এবং দক্ষতাভিত্তিক (কম্পিটেন্সি বেজড) বিসিএসের ভাইভা চালুর বিষয়ে বিস্তারিত কথা বলেন।
সেদিনের দীর্ঘ আলাপে তাঁর পদত্যাগের কোনো আভাসও পাওয়া যায়নি। বরং পিএসসির ভবিষ্যৎ কার্যক্রম ও বিসিএসের বিভিন্ন পরিবর্তন নিয়ে তিনি বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের মাত্র ছয় দিনের মাথায় তাঁর পদত্যাগের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
২০২৪ সালের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে গণঅভ্যুত্থানের পর তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেছিলেন।
দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ তাই পিএসসিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথাই সামনে এসেছে। সরকারি চাপ বা অন্য কোনো কারণে তিনি পদত্যাগ করছেন—এমন দাবির পক্ষে এখনো নির্ভরযোগ্য কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে চেয়ারম্যান নিজেও পদত্যাগের বিষয়ে আগে গণমাধ্যমকে শুধু বলেছেন, ‘হলে জানবেন।’
ফলে ১২ আগস্টের সাক্ষাৎকারের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে কেন এমন সিদ্ধান্ত—এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে তাঁর পদত্যাগপত্র এবং সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম