যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে শুরু হওয়া এ সার্ভিসে চালক ও হেলপার—দুই দায়িত্বেই থাকবেন নারী। নির্ধারিত ১২টি স্টপেজে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা রাখা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে। পুরো পথে নির্ধারিত ১২টি স্টপেজ রয়েছে। এসব স্টপেজ থেকে নারী যাত্রীরা বাসে উঠতে ও নামতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি জানান, বাস দুটির চালক ও হেলপার সবাই নারী হবেন।
তিনি বলেন, নারীরা যাতে গণপরিবহনে নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি করাই এই সার্ভিসের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নারী চালক ও হেলপার নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
চট্টগ্রাম নগরে প্রতিদিন বিপুলসংখ্যক নারী গণপরিবহন ব্যবহার করেন। অতিরিক্ত ভিড়, আসন সংকট ও নিরাপত্তাজনিত নানা সমস্যায় তাদের প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। পৃথক ‘মহিলা বাস সার্ভিস’ চালুর ফলে এসব সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রীদের চাহিদা ও সার্ভিস পরিচালনার অভিজ্ঞতা বিবেচনা করে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম