যোগফল প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের অভিনয়জীবনের কথা অনেকেই জানেন। তবে পর্দার আড়ালে তার আরেকটি পরিচয় ছিল—তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদ। স্কুলজীবনে ক্রিকেট, ফুটবল, হকি ও ব্যাডমিন্টনে নিয়মিত খেলতেন এই গুণী শিল্পী।
আজ ১৮ আগস্ট প্রবীর মিত্রের জন্মদিন। প্রয়াত এই অভিনেতাকে জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন ভক্ত-অনুরাগীরা। ২০২৫ সালের ৫ জানুয়ারি মারা যান তিনি।
প্রায় এক দশক আগে এক সাক্ষাৎকারে স্কুলজীবনের ক্রীড়াজীবনের স্মৃতিচারণা করেছিলেন প্রবীর মিত্র। ঢাকার পোগোজ স্কুলে পড়ার সময় তিনি প্রথম বিভাগে ক্রিকেট ও হকি খেলেছেন। পাশাপাশি ফুটবলেও দ্বিতীয় বিভাগে খেলেছেন।
সাক্ষাৎকারে প্রবীর মিত্র বলেছিলেন, ‘আসলে সাংস্কৃতিক জগতে আমার আসার কথা ছিল না। আমি ছিলাম স্পোর্টসম্যান।’ তিনি জানান, ফুটবল, ক্রিকেট, হকি ও ব্যাডমিন্টন নিয়ে সারা বছর মাঠেই পড়ে থাকতেন। প্রথম বিভাগে ওঠার পর পরিবারের পক্ষ থেকে তার খেলা বন্ধ করে দেওয়া হয়।
এরপর আর খেলাধুলায় নিয়মিত থাকা হয়নি প্রবীর মিত্রের। ধীরে ধীরে অভিনয়ের জগতে মনোযোগী হয়ে ওঠেন তিনি এবং পরবর্তী সময়ে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুনবাজার গুয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর কুমার মিত্র। তার দাদার বাড়ি ছিল কেরানীগঞ্জে। পুরান ঢাকায় বেড়ে ওঠা প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবনের শুরু।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি।
ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবেও অভিনয় করেন প্রবীর মিত্র। পরে চরিত্রাভিনেতা হিসেবে তার অভিনয় আরও বেশি প্রশংসিত হয় এবং দর্শকের কাছে স্থায়ী জায়গা করে নেন।
‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘ফকির মজনু শাহ’, ‘অঙ্গার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘পুত্রবধূ’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দেশের চলচ্চিত্রাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই গুণী শিল্পী।
ক্রিকেট মাঠের খেলোয়াড় হওয়ার স্বপ্ন থেমে গেলেও অভিনয়ের মঞ্চে নিজের প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন প্রবীর মিত্র। জন্মদিনে তাই অভিনয়ের পাশাপাশি তার ক্রীড়াবিদ সত্তাটিও নতুন করে স্মরণ করছেন অনুরাগীরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম