যোগফল প্রতিবেদক:
ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে নতুন ছয় লেনের সেতু। পুরোনো করোনেশন সেতুর বিকল্প হিসেবে নেওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৪৪ কোটি টাকা।
প্রকল্পের আওতায় সেতু ও সংযোগ সড়ক মিলিয়ে প্রায় ৬ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ যোগাযোগ অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য নতুন করে দরপত্র আহ্বান করেছে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)। আগামী ১ অক্টোবর পর্যন্ত যোগ্য নির্মাণ প্রতিষ্ঠান ও ঠিকাদারি সংস্থাগুলো দরপত্রে অংশ নিতে পারবে।
শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থল যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। পশ্চিমবঙ্গের উত্তরাংশের সরু এই ভূখণ্ডের ওপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বজায় রয়েছে।
কৌশলগত গুরুত্বের কারণে দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিকল্প ও শক্তিশালী সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিচ্ছে ভারত সরকার। নতুন ছয় লেনের সেতুটি চালু হলে এই করিডরের যোগাযোগ সক্ষমতা ও কৌশলগত নিরাপত্তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম