যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের খুলনাগামী একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি দুমড়েমুচড়ে সড়কের ওপর উল্টে যায়। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ট্রাকের চালক ও হেলপার এবং বাসের এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ হোসেন জানান, দুর্ঘটনার পর একজন নারীসহ নয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।
আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুজনের মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপরজনের মরদেহ ঘটনাস্থলে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুর্ঘটনার পর গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম