যোগফল প্রতিবেদক:
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
বুধবার (১৯ আগস্ট) দেশের বাজারে নতুন কোনো দাম ঘোষণা না হওয়ায় ১৫ আগস্ট থেকে কার্যকর হওয়া এই মূল্যই বহাল রয়েছে।
বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। নতুন দামে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নির্ধারিত মূল্যেই দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে স্বর্ণ বিক্রি হবে। তবে অলংকারের নকশা ও তৈরির ধরন অনুযায়ী নির্ধারিত দামের সঙ্গে মজুরি যুক্ত হতে পারে।
অন্যদিকে, স্বর্ণের দাম পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজুসের নিয়ম অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম