যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধসহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।
শ্রমিকরা জানান, দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ শুরু করে।
চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম