যোগফল প্রতিবেদক:
দীর্ঘ নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বোন নোরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে পৃথকভাবে দেখা করেন তিনি।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের উদ্বেগের মধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাগারে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রথমবার ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন নোরিন নিয়াজি। কারাগারের কনফারেন্স রুমে তাদের সাক্ষাৎ প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। এ সময় ইমরানের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতের সময় নোরিন নিয়াজি ইমরানকে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ আদেশের বিষয়েও জানান। ওই আদেশে শারীরিক পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সাক্ষাৎ শেষে রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করেননি নোরিন। এর আগে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছিল, কারাগারে পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণার কাজে ব্যবহার করা হলে এই সুবিধা বাতিল করা হতে পারে।
নিরাপত্তাজনিত কারণে ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে পিটিআইয়ের কোনো নেতাকেও কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এরপর পৃথকভাবে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা করেন ইমরান খান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, একই কনফারেন্স রুমে তাদের সাক্ষাৎ প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়।
এদিকে আদিয়ালা কারাগারে বন্দী বুশরা বিবিও দীর্ঘদিন পর তার আগের সংসারের সন্তান মুসা, মুবাশশারা মানেকা ও জা মেহেরুন্নেসার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ৭২ বছর বয়সী ইমরান খান। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।
সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে সুপ্রিম কোর্ট তাকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলার কথা রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম