যোগফল প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪৪ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫১ সেন্ট বা ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও সোমবার সেই প্রক্রিয়া ভেস্তে যায়। এরপর দুই দেশের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যেও রয়েছে ভিন্নতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালি নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো বন্ধ রয়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ অনিশ্চিত হয়ে পড়ায় অনেক জাহাজ নিরাপত্তাঝুঁকি এড়াতে বিকল্প পথে চলাচল করছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্ভাব্য সংকট মোকাবিলায় তেল উৎপাদনকারী দেশগুলোও বিকল্প রপ্তানি পথ খুঁজছে। ইরাক ইতোমধ্যে বিকল্প পথে তেল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে দেশটির নতুন পরিকল্পনা কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা দ্রুত না কমলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে এবং বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম