যোগফল প্রতিবেদক:
স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। তিনি জানান, দীপু মনির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে।
এর আগে বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দীপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে কারাগার থেকে বের হয়ে তিনি জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।
আবেদনে প্রথমে চার দিনের মুক্তির কথা বলা হলেও শেষ পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে বের হয়ে দীপু মনি রাজধানীর কলাবাগানের বাসভবনে যাবেন। সেখানে স্বামীকে শেষবারের মতো দেখবেন তিনি। এরপর ধানমণ্ডির তাকওয়া মসজিদ অথবা আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তৌফিক নেওয়াজ। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম