যোগফল প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় পাট কাটার দুই শ্রমিককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি এলাকার জামাল সরদার ও ইদ্রিস জমাদ্দার একই দুই শ্রমিককে নিজেদের জমিতে পাট কাটার জন্য কাজে যেতে বলেন। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
মঙ্গলবার বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক ইদ্রিস জমাদ্দারের জমিতে না গিয়ে জামাল সরদারের জমিতে পাট কাটতে যান। বিষয়টি জানতে পেরে ইদ্রিস জমাদ্দার তাদের গালাগাল করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।
বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়। সন্ধ্যার দিকে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার দুই পক্ষের লোকজনকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
তবে জামাল সরদারের পক্ষের লোকজনের অভিযোগ, মীমাংসার উদ্যোগ চলার সময় ইদ্রিস জমাদ্দার তার লোকজন নিয়ে জামাল সরদার ও তার ভাই আমজাদ সরদারের বাড়িতে হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
আমজাদ সরদারের দাবি, হামলার সময় এক নারীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন।
পরে বিষয়টি ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরার স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আমজাদ সরদার অভিযোগ করে বলেন, ইদ্রিস জমাদ্দার ও তার লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়েছেন। তারা ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে ইদ্রিস জমাদ্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, পাট কাটার শ্রমিককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম