যোগফল প্রতিবেদক:
‘পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুনের বহুল আলোচিত সিনেমা ‘রাকা’ নিয়ে নতুন খবর সামনে এসেছে। ছবিটিতে অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথকে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে।
আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে গত ৮ এপ্রিল প্রকাশ করা হয় ‘রাকা’র ফার্স্ট লুক। সেখানে মাথা ন্যাড়া করা রহস্যময় লুকে দেখা যায় অভিনেতাকে। মুখের কিছুটা অংশ ঢাকা ছিল নেকড়ের মতো থাবা ও ধারালো নখে। সেই লুক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।
পরিচালক অ্যাটলির এই সাই-ফাই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এবার ছবির মূল খলনায়কের চরিত্রে উইল স্মিথকে যুক্ত করার বিষয়ে নির্মাতারা দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রায় এক বছর ধরে উইল স্মিথের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে সিনেমার পরবর্তী শুটিং শিডিউলে যুক্ত হবেন তিনি। ভারতের বাইরেই হলিউড তারকার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।
প্রযোজনা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উইল স্মিথের শুটিংয়ের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তার সময়সূচি অনুযায়ী শুটিংয়ের লোকেশন নির্ধারণ করা হবে। এমনকি তার চরিত্রের কস্টিউমও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ‘রাকা’য় শাহরুখ খানের ক্যামিও উপস্থিতি নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। এর আগে এমন খবর ছড়ালেও পরে তা অস্বীকার করা হয়েছিল। তবে এবার আবারও শোনা যাচ্ছে, শাহরুখ ছবিটির একটি গুরুত্বপূর্ণ অংশে থাকছেন এবং বিদেশের মাটিতে তার শুটিং হতে পারে।
বর্তমানে নিজের ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত শাহরুখ খান। সেপ্টেম্বরের পর ‘রাকা’র শুটিংয়ে অংশ নিতে পারেন তিনি।
আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর।
বড় বাজেটের এই সাই-ফাই সিনেমাটি নিয়ে শুরু থেকেই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশাল পরিসরে নির্মিত ছবিটি মুক্তির পর ভারতীয় সিনেমায় নতুন রেকর্ড গড়তে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম