যোগফল প্রতিবেদক:
প্রবাসীদের জন্য চলতি আগস্ট মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
নুরুল হক নুর বলেন, প্রবাসী কার্ডটি অনেকটা এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফেরার পর সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে প্রবাসী কার্ডধারীরা অগ্রাধিকার সুবিধা পাবেন। দেশে ফেরার পর প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম