যোগফল প্রতিবেদক:
স্টিয়ারিং হুইলবিহীন দুই আসনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি ‘সাইবারক্যাব’ শিগগিরই রাস্তায় নামানোর প্রস্তুতি নিচ্ছে টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে চলতি মাসেই গাড়িটির কার্যক্রম শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
টেসলা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে প্রতিষ্ঠানটির রোবোট্যাক্সি বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে সাইবারক্যাবের কার্যক্রম শিগগির শুরু হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনে প্রথম পর্যায়ে টেসলার নিজস্ব কর্মীদের সাইবারক্যাব ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। পরবর্তীতে শহরটিতে চালু থাকা টেসলার রোবোট্যাক্সি সেবায় গাড়িটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে বাণিজ্যিকভাবে সাইবারক্যাব চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা পরিচালনার জন্য বর্তমানে প্রয়োজনীয় অনুমোদন নেই। অবশ্য বিশেষ অনুমোদনের মাধ্যমে এ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবায় মূলত মডেল ওয়াই গাড়ি ব্যবহার করা হচ্ছে। সেই জায়গায় সাইবারক্যাবের যুক্ত হওয়া প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় পরিবহন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সাইবারক্যাবের নকশা প্রচলিত গাড়ির তুলনায় বেশ আলাদা। এতে রয়েছে মাত্র দুটি আসন এবং কোনো স্টিয়ারিং হুইল নেই। স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহনের জন্যই গাড়িটি তৈরি করা হয়েছে। ফলে গাড়িটির চলাচল ও যাত্রী পরিবহনের পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর।
টেসলার রোবোট্যাক্সি সেবা বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে চালু রয়েছে।
এসব সেবায় টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিটি উন্নত হলেও স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম