যোগফল প্রতিবেদক:
মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি কমানো এবং নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে এ লক্ষ্য বাস্তবায়নে আরও দৃঢ়ভাবে কাজ করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে দেশের ১১টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রায়ই ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হন। এসব দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে তাদের নিয়মিত সংগ্রাম করতে হয়।
দুর্যোগের সময় উপকূলের মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবসময় পাশে রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আধুনিক সরঞ্জাম ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা জরুরি। নতুন রেসকিউ বোটগুলো উপকূলীয় এলাকার দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মিজ জনকো তাকাশি।
অনুষ্ঠানে দেশের ১১টি উপকূলীয় জেলার প্রতিনিধিদের কাছে ১১টি রেসকিউ বোট হস্তান্তর করা হয়। এসব নৌযান দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবহার করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম