যোগফল প্রতিবেদক:
ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনে বিতর্ক তৈরি হয়েছে একটি ক্যাচের সিদ্ধান্ত নিয়ে। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেলের নেওয়া ক্যাচে বল মাটিতে লেগেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ায় হতাশ হয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ব্যাটার লাহিরু উদারা।
ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ২২তম ওভারের চতুর্থ বলে। মানব সুতারের করা বলে ব্যাটের কানায় লেগে বলটি জুরেলের হাতে জমা পড়ে। তবে ক্যাচটি বৈধভাবে ধরা হয়েছে কি না, তা নিয়ে উদারা নিজেই সন্দিহান ছিলেন।
ফলে সিদ্ধান্তের জন্য বিষয়টি তৃতীয় আম্পায়ার রবীন্দ্র উইমাসিরির কাছে পাঠানো হয়। রিপ্লেতে দেখা যায়, জুরেল বলটি ধরার সময় কিছুটা সামনে এগিয়ে এসেছিলেন। এ সময় বলের অংশবিশেষ মাটিতে স্পর্শ করেছে কি না, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। বলের নিচে জুরেলের আঙুল ছিল কি না, সেটিও পুরোপুরি স্পষ্ট ছিল না।
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পরও তৃতীয় আম্পায়ার উইমাসিরি আউটের সিদ্ধান্ত দেন। সিদ্ধান্তে বিস্মিত উদারা কিছুক্ষণ মাঠেই দাঁড়িয়ে থাকেন। পরে মাথা নাড়তে নাড়তে সাজঘরের পথে ফিরে যান তিনি।
ঘটনাটি নিয়ে ধারাভাষ্যকারদের মধ্যেও আলোচনা শুরু হয়। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড দাবি করেন, বল মাটিতে স্পর্শ করার বিষয়টি রিপ্লেতে স্পষ্ট বোঝা গেছে। তার মতে, ধীরগতির রিপ্লেতে জুরেলের আঙুলের অবস্থান এবং বলের সামনের অংশ মাটিতে লাগার বিষয়টি দেখা যায়।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এমন বিতর্ক ম্যাচের উত্তেজনাও আরও বাড়িয়ে দিয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম