প্রিন্টিং তারিখ: ২০ আগস্ট ২০২৬প্রকাশের তারিখ: ২০ আগস্ট ২০২৬
চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু
যোগফল প্রতিবেদক:
গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে উল্টে মোজাহিদ (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা। তিনি ওই ট্রাকের চালক মিস্টারের ভাতিজা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চালবোঝাই ট্রাকটি আনন্দবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনের একটি চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের পানিতে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে চালক মিস্টার ও হেলপার মোজাহিদ আটকা পড়েন। দুর্ঘটনার শব্দ ও তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় মোজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোজাহিদ একই ট্রাকে তার চাচা মিস্টারের সঙ্গে হেলপার হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় ট্রাকচালক মিস্টারের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসরাকুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।