যোগফল প্রতিবেদক:
পাকিস্তানের ট্যাক্সিলা শহরে শামসু বিবি (২৮) নামে এক জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ১৫ বছর বয়সী বোনও আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) পূর্বাচলী শহরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে শামসু বিবি ‘আয়েশা গিলামনা’ নামেও পরিচিত ছিলেন। তার টিকটক অ্যাকাউন্টে ১৩ লাখের বেশি অনুসারী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে শামসু বিবির মোবাইলে কাশি নামে এক ব্যক্তির ফোন আসে। ফোন পাওয়ার পর তিনি তার ১৫ বছর বয়সী বোন অসীমা ও ভাই নেয়ামতউল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়ির বাইরে যান।
পরে একটি পেট্রল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শামসু বিবির মৃত্যু হয়। আকস্মিক গুলিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে তার বোন অসীমা গুরুতর আহত হন।
নিহতের ভাই নেয়ামতউল্লাহ জানান, হামলাকারী দুই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তারা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
শামসু বিবি গত তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন। তার জনপ্রিয়তার কারণে বিপুলসংখ্যক অনুসারী ছিল। হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে তার টিকটক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবারের দাবি, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির সঙ্গে শামসু বিবির আর্থিক লেনদেন ছিল। পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তারা তাকে হত্যার হুমকি দিয়েছিল। এ বিষয়ে ইসলামাবাদ থানায় অভিযোগও করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের বাবা ফজল সাহেবজাদা অভিযোগ করেন, পাওনা টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে কাউসার ও জাভেদ অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে তার মেয়েকে হত্যা করিয়েছেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কাউসার ও জাভেদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ৩০২, ৩২৪, ১০৯ ও ৩৪ ধারায় মামলা করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম