যোগফল প্রতিবেদক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন বড় আজলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকার কাগারচর গ্রামের নূর মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।
আহতরা হলেন নূর মিয়ার মেয়ে মর্জিনা বেগম (৩৫), মো. মাহিন (১৭) ও অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর (৩৫)। তাদের সবার বাড়ি কাগারচর-মঠখোলা এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে নূর মিয়া স্ত্রী, মেয়েসহ অন্যদের নিয়ে অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে বড় আজলদী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশের একটি জমিতে ছিটকে পড়ে। এতে নূর মিয়া ও আনোয়ারা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নূর মিয়া ও আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম