যোগফল প্রতিবেদক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৪২ শিশু আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় দাশত-ই-বারচি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ৩৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিশুদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে।
হাসপাতালের কর্মকর্তা দেজান পানিচ জানান, বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে শিশুরা আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে।
দাশত-ই-বারচি এলাকাটি আফগানিস্তানের হাজারা ও শিয়া সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্য পরিচিত। গত কয়েক বছর ধরে এলাকাটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের স্থান, হতাহতদের বয়স এবং এলাকাটির অতীত পরিস্থিতির কারণে এটিকে পরিকল্পিত হামলা হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট ঘটনাটিকে ‘নৃশংস হামলা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের আফগানিস্তান মিশনও।
দাশত-ই-বারচিতে এর আগেও শিক্ষার্থী ও বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা হয়েছে। ২০২১ সালের মে মাসে ওই এলাকার একটি স্কুলে হামলায় অন্তত ৮৫ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন নারী ও কিশোরী।
এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের অনেকেই ছিলেন তরুণী ও কিশোরী।
এবারের বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম