যোগফল প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ছয়জন রোহিঙ্গা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে জেলেদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবির একটি বিশেষ প্রতিনিধিদল। পরে তাদের টেকনাফের কেয়ারি জেটিঘাটে নিয়ে আসা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়া কিংবা ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার কারণে এসব জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। এ সময় তাদের আটক করে রাখে আরাকান আর্মি।
জেলেদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত যোগাযোগ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচনা চালানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার নাফ নদীর শূন্যরেখায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
দেশে ফেরার পর টেকনাফ জেটিঘাটে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় জেলেদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
এদিকে স্বজনদের কাছে জেলেদের ফিরে আসার খবরে পরিবারগুলোতে স্বস্তি ফিরেছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সংকট মোকাবিলায় বিজিবি কাজ করে যাচ্ছে। মিয়ানমারের ভেতরে এখনো যেসব বাংলাদেশি জেলে আটক রয়েছেন, তাদেরও দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম