যোগফল প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকনকে প্রধান আসামি করা হয়েছে বলে জানা গেছে।
মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া এলাকায় উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে থেকে লামাকাজী-বিশ্বনাথ সড়কে মশাল নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে ১৭ আগস্ট থেকে ওই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সরকারি কার্যক্রম ব্যাহত করা, উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা ও এতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে মামলায়।
পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম